গুগল সার্চে ‘জওয়ান’ ভেলকি, ৬ ঘণ্টার মধ্যেই অনলাইনে ফাঁস!
অপেক্ষার প্রহর শেষ করে বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত সিনেমা ‘জওয়ান’। তবে মুক্তির পরেই অনলাইনে ফাঁস হয়ে যায় সিনেমাটি। সিনেমা হল বা ভক্তদের পাশাপাশি নেটদুনিয়াতেও ভেলকি দেখালো জওয়ান। ‘জওয়ান’ উন্মাদনায় গা ভাসালো সার্চ ইঞ্জিন গুগলও। বিভিন্ন দিবসে গুগল নিজে থেকে ‘ডুডল’ প্রকাশ করলেও এবার দেখালো সার্চ পপআপ ভেল্কি।
এর ফলে গুগলে ঢুকে ‘জওয়ান’ লিখে সার্চ করলেই গোটা স্ক্রিন ঢেকে যাচ্ছে ‘ব্যান্ডেজ’-এ। যেমনভাবে গোটা শরীরে ব্যান্ডেজ জড়ানো অবস্থায় এই ছবিতে দেখা গেছে কিং খানকে, ঠিক সেই একই ব্যান্ডেজ ভেসে উঠছে ফোন বা কম্পিউটারের স্ক্রিনে। শাহরুখ খানের নতুন সিনেমা নিয়ে গুগলের এই ম্যাজিক দেখতে চাইলে প্রথমে নিজের ফোন কিংবা ল্যাপটপে গুগলে গিয়ে ‘জওয়ান’ লিখে সার্চ করতে হবে। এরপর নিচে একটি ওয়াকিটকি আসবে। সেখানে ক্লিক করলেই স্ক্রিনের চারপাশে ভেসে উঠবে এই সিনেমার বিখ্যাত সেই ব্যান্ডেজ। এরপরেই শাহরুখের গলায় শোনা যাবে ‘রেডিইইইই’।
গুগলের এই ‘জওয়ান’ ম্যাজিক দারুণভাবে উপভোগ করছে ভক্তরা। এমনকি বিষয়টি চোখে পড়েছে খোদ শাহরুখেরও। এক টুইটে অভিনেতা লিখেছেন, ‘জওয়ান’কে গুগলেও খুঁজে নেও এমনকি থিয়েটারেও।
এদিকে মুক্তির প্রথম দিনেই ভারতের সিনেমা ইতিহাসের সব রেকর্ড ভেঙে ফেলেছে ‘জওয়ান’। একদিনেই বিশ্বব্যাপী প্রায় ১২৫ কোটি রুপি আয় করে নিয়েছে সিনেমাটি। বলিউডের মুভিরিভিউজে দেওয়া তথ্যসূত্রে ছবির বক্স অফিস কালেকশন জানা গেছে।
ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম বলছে, মুক্তির মাত্র ৬ ঘণ্টার মধ্যেই অনলাইনে ফাঁস হয়ে গেছে শাহরুখের ‘জওয়ান’ সিনেমাটি।
শুধু তাই নয়, বেশ কয়টি পোর্টালে বলা হচ্ছে, ‘জওয়ান’ এর এইচডি কোয়ালিটির প্রিন্ট পাওয়া যাচ্ছে টরেন্ট ওয়েবসাইটে! তা ছাড়াও তামিল রকার্স, টেলিগ্রাম, মুভিরুলসে পাওয়া যাচ্ছে সিনেমাটি। ভারত ছাড়াও ‘জওয়ান’ সিনেমার উত্তাপ ছড়িয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপ, মধ্যপ্রাচ্যে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ভারতের সাড়ে ৫ হাজার ও বিশ্বের অন্যান্য দেশের সাড়ে ৪ হাজার পর্দায় মুক্তি পেয়েছে সিনেমাটি।
শুধু হিন্দি সংস্করণেই সিনেমাটি আয় করেছে ৬৫ কোটি। তামিল ভাষায় আয় করেছে ৫ কোটি। তেলেগু সংস্করণে আয় ৪ কোটি। তার মানে শুধু ভারতেই তিনটি ভাষায় ‘জওয়ান’র আয় ৭৫ কোটি। এছাড়া বিশ্বব্যাপী প্রথম দিনে ছবিটির আয় দাড়াতে পারে আরও ৫০ কোটি। সব মিলিয়ে মুক্তির প্রথম দিনে জওয়ান বিশ্বব্যাপী ১১৫ থেকে ১২৫ কোটি রুপি আয় করেছে বলে ধারণা করা হচ্ছে।
আগে একদিনে বক্স অফিস থেকে ভারতের কোনো সিনেমাই ১০০ কোটি রুপি আয়ের ইতিহাস গড়তে পারেনি। সেক্ষেত্রে ‘জওয়ান’ সেই সকল রেকর্ডই ভেঙে ফেললো।







